সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

অপতথ্য ঠেকাতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অপতথ্য ঠেকাতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য, গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা প্রতিরোধে শিক্ষার্থীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচারের জবাব দিতে এবং সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে তরুণদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন বিশ্বব্যাপী অত্যন্ত শক্তিশালী যোগাযোগমাধ্যম। এই মাধ্যম ব্যবহার করে যেন অপতথ্য, অসত্য তথ্য কিংবা বাংলাদেশের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে সরকার কাজ করছে। পাশাপাশি জনগণের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ফ্যাক্টচেকিং, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধে সরকার উদ্যোগ নিচ্ছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

ইয়াসের খান চৌধুরী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় কাজ করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গণমাধ্যম যাতে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে নিয়মিত মতবিনিময় করা হচ্ছে।

সাংবাদিকদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণকেন্দ্রের উদ্যোগ

দেশের সাংবাদিক ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতায় একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে পরিচিত একটি বিদেশি সম্প্রচারমাধ্যমের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। প্রতিষ্ঠানটির সহযোগিতায় বাংলাদেশে একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে কথা হয়েছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও কর্মরত সাংবাদিকেরা তিন থেকে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণের সুযোগ পাবেন।

প্রতিমন্ত্রী বলেন, এক-দুই দিনের প্রশিক্ষণে দক্ষতা বাড়ানোর সুযোগ সীমিত। তাই আন্তর্জাতিক মানের দীর্ঘমেয়াদি ও হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। এতে দেশের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করার যোগ্যতা অর্জনের সুযোগ তৈরি হবে।

নিজের পেশাগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, রাজনীতিতে আসার আগে যুক্তরাজ্যের বিবিসির আইটি ও ব্রডকাস্টিং বিভাগে দায়িত্ব পালন করেছেন। সেখানে কাজের অভিজ্ঞতা তাকে আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমের কর্মপদ্ধতি ও পেশাগত মান সম্পর্কে বাস্তব ধারণা দিয়েছে।

বাংলাদেশের তরুণেরা দেশি-বিদেশি গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছাবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, তরুণেরা যে পেশাতেই যুক্ত হোন না কেন, দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন।

গণমাধ্যম গবেষণায় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার প্রস্তাব

মতবিনিময়কালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক গণমাধ্যম ও সাংবাদিকতা খাতে প্রয়োগভিত্তিক গবেষণায় শিক্ষার্থী ও শিক্ষকদের সম্পৃক্ত করার প্রস্তাব দেন। এ খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে বাস্তবভিত্তিক সমাধান খুঁজতে বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় শিক্ষার্থীরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ্য অধিদফতরের (পিআইডি) বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন। গণমাধ্যমের কার্যক্রম, সংবাদ পরিবেশন, তথ্য সংগ্রহ ও সম্প্রচার ব্যবস্থাপনা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা জানান, মন্ত্রণালয় ও তথ্য অধিদফতর পরিদর্শনের মাধ্যমে গণমাধ্যমের এমন অনেক বাস্তব বিষয় সম্পর্কে জানতে পেরেছেন, যা শ্রেণিকক্ষের পাঠে জানা সম্ভব নয়। এ অভিজ্ঞতা ভবিষ্যৎ পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ সময় শিক্ষার্থীরা সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময়কালে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত