
জেলা প্রতিনিধি | সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩ বার পঠিত | পড়ুন মিনিটে

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা দুই যুবককে আটক করা হয়েছে।
আটকরা হলেন, চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া কাজীবাড়ি এলাকার মো. নাহিদ (২৬) এবং মুন্সিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহিরগোড়া এলাকার আব্দুর রহিম মুন্না (২৬)।
সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি টোলপ্লাজায় অ্যাম্বুলেন্সটিতে অভিযান চালায় পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে ২৮টি প্যাকেটে রাখা ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে সিরাপসহ অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের দাবি, রোগী পরিবহনের আড়ালে অভিনব কৌশলে অ্যাম্বুলেন্স ব্যবহার করে সিরাপগুলো ঢাকায় পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সিরাপসহ দুই যুবককে আটক করা হয়েছে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত