
ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৮৯ বার পঠিত | পড়ুন মিনিটে

দীর্ঘ ১২ বছর পর আবারও পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ দেখা যাবে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ঘোষণা দিয়েছেন মিমি নিজেই।
‘তাণ্ডব’ লেখা ক্ল্যাপস্টিক হাতে একটি ছবি পোস্ট করে মিমি ক্যাপশনে লিখেছেন শুধু ‘#Tandav’। আর এই একটি পোস্টেই নতুন সিনেমাটি নিয়ে টালিউডে শুরু হয়েছে জোর আলোচনা।
তবে মিমির পোস্টে সবচেয়ে বেশি নজর কেড়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মন্তব্য। সিনেমাটির প্রযোজনার দায়িত্বে থাকা শুভশ্রী মিমির পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘সুপার হ্যাপি’।
ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র বলছে, ‘তাণ্ডব’-এ মিমিকে ফের অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যেতে পারে। যদিও সিনেমাটির গল্প, চরিত্র কিংবা অন্যান্য অভিনয়শিল্পী নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ ও ‘যোদ্ধা’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন মিমি। সবশেষ রাজের পরিচালনায় ‘কাটমুণ্ডু’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে।
দীর্ঘ বিরতির পর রাজের প্রযোজনা সংস্থার নতুন সিনেমায় মিমির প্রত্যাবর্তন ঘিরে তাই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। ‘তাণ্ডব’-এ মিমির চরিত্র কেমন হবে, এখন সেটিই দেখার অপেক্ষা।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত