
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৯৮ বার পঠিত | পড়ুন মিনিটে

ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও তৈরি করে আয় করার স্বপ্ন এখন অনেকেরই। তবে শুধু নিয়মিত ভিডিও প্রকাশ করলেই ভিউ, সাবস্ক্রাইবার কিংবা আয় নিশ্চিত হয় না। মানসম্মত ও মৌলিক কনটেন্ট, দর্শক ধরে রাখার কৌশল এবং ধারাবাহিক কাজ—ইউটিউবে সফল হওয়ার জন্য এসব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল শুরু করতে চাইলে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।
এআই ব্যবহার করুন সহায়ক হিসেবে
স্ক্রিপ্ট লেখা, ভয়েসওভার তৈরি ও ভিডিও সম্পাদনার মতো কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সময় বাঁচানো যায়। তবে পুরো কনটেন্ট তৈরিতে এআইয়ের ওপর নির্ভর করলে ভিডিওর নিজস্বতা কমে যেতে পারে।
এ কারণে এআইকে সহায়ক হিসেবে ব্যবহার করে নিজের তথ্য, বিশ্লেষণ, অভিজ্ঞতা ও উপস্থাপনার ধরন যুক্ত করা ভালো। এআই দিয়ে তৈরি বা পরিবর্তিত কনটেন্টের ক্ষেত্রে ইউটিউবের প্রযোজ্য প্রকাশ-সংক্রান্ত নিয়মও মেনে চলতে হবে।
শর্টস দিয়ে দর্শক বাড়ান
নতুন চ্যানেলের পরিচিতি দ্রুত বাড়াতে ইউটিউব শর্টস কার্যকর মাধ্যম হতে পারে। ছোট, আকর্ষণীয় ও নির্দিষ্ট বিষয়ের ভিডিও নিয়মিত প্রকাশ করলে নতুন দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ বাড়ে।
তবে শুধু ভিউ পাওয়ার আশায় এলোমেলো বিষয়ে শর্টস তৈরি না করে মূল চ্যানেলের বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে ভিডিও প্রকাশ করাই ভালো।
আয়ের পথ রাখুন একাধিক
শুরু থেকেই শুধু বিজ্ঞাপনের আয়ের ওপর নির্ভর না করে ভবিষ্যতের বিকল্প আয়ের পথ নিয়েও পরিকল্পনা করা উচিত। চ্যানেলের ধরন ও যোগ্যতা অনুযায়ী স্পনসরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইউটিউব শপিং, সুপার থ্যাংকসসহ বিভিন্ন সুবিধা কাজে লাগানোর সুযোগ থাকতে পারে।
ভিডিওর মানে গুরুত্ব দিন
ভালো ভিডিও তৈরির জন্য দামি ক্যামেরা থাকা বাধ্যতামূলক নয়। তবে পরিষ্কার শব্দ, পর্যাপ্ত আলো, স্থির দৃশ্য এবং সহজবোধ্য উপস্থাপনা নিশ্চিত করা জরুরি।
ভিডিওর অডিও খারাপ হলে কিংবা শুরুতেই উপস্থাপনা অগোছালো থাকলে দর্শক দ্রুত ভিডিও থেকে বেরিয়ে যেতে পারেন। তাই দামি সরঞ্জামের চেয়ে ভিডিওর মৌলিক মান নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ।
নির্দিষ্ট বিষয় বেছে নিন
একদিন প্রযুক্তি, পরদিন রান্না, এরপর ক্রিকেট—এভাবে প্রতিদিন ভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করলে নির্দিষ্ট দর্শক তৈরি করা কঠিন হতে পারে।
তাই শুরুতেই একটি নির্দিষ্ট বিষয় বা বিশেষ ক্ষেত্র বেছে নেওয়া ভালো। প্রযুক্তি, গেমিং, শিক্ষা, অর্থনীতি, ভ্রমণ কিংবা ক্রিকেট বিশ্লেষণের মতো নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করলে কাঙ্ক্ষিত দর্শক তৈরি করা সহজ হয়।
শিরোনাম-থাম্বনেইলে নজর দিন
ভিডিওর বিষয় ভালো হলেও আকর্ষণীয় শিরোনাম ও থাম্বনেইল না হলে দর্শক সেটিতে ক্লিক নাও করতে পারেন। তাই ভিডিওর বিষয় স্পষ্ট করে এমন আকর্ষণীয় শিরোনাম ও নজরকাড়া থাম্বনেইল তৈরি করা জরুরি।
তবে দর্শককে বিভ্রান্ত করে এমন অতিরঞ্জিত বা ক্লিকবেইট শিরোনাম ব্যবহার করা উচিত নয়।
নিয়মিত কাজ করুন, ধৈর্য ধরুন
ইউটিউবে সফল হতে ধারাবাহিকভাবে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী নিয়মিত ভিডিও প্রকাশের পাশাপাশি কোন ধরনের কনটেন্টে দর্শকের আগ্রহ বেশি, সেটিও বিশ্লেষণ করতে হবে।
শুরুর দিকে কম ভিউ বা সাবস্ক্রাইবার পাওয়া স্বাভাবিক। দর্শকের প্রতিক্রিয়া ও ভিডিওর পারফরম্যান্স বিশ্লেষণ করে ভুল থেকে শিক্ষা নিতে হবে। ধৈর্য ধরে কনটেন্টের মান উন্নত করতে পারলেই ধীরে ধীরে চ্যানেলের দর্শক ও আয়ের সম্ভাবনা বাড়বে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত