
জেলা প্রতিনিধি | রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৮ বার পঠিত | পড়ুন মিনিটে

নোয়াখালীতে চাঞ্চল্যকর ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে ফাঁসি ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ জজ মো. শওকত আলী দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
পি.পি. ও আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩ মার্চ নোয়াখালী সদর উপজেলার মাইজদী বাজার পুরাতন কলেজ পুকুরে আসামি সৌরভ একটি কুকুর গোসল করাতে গিয়ে স্থানীয় আনোয়ার হোসেনের অনুমতি না নিয়ে তার শ্যাম্পু ব্যবহার করেন। এ নিয়ে আনোয়ার প্রতিবাদ করলে সৌরভ তাকে মারধর করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন সন্ধ্যায় পুরাতন কলেজ রোডে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ চলাকালে আনোয়ারের বন্ধু নিহত রাজিব, ওয়াসিম ও ইয়াসিন কুকুরকে কেন শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়েছে—এর প্রতিবাদ করেন। একপর্যায়ে আসামি ফিরোজ মাহমুদ বাপ্পির নেতৃত্বে আসামিরা সংঘবদ্ধ হয়ে এলোপাতাড়ি গুলি চালায়।
এতে গুলিবিদ্ধ হয়ে ফজলে হুদা রাজিব (২৬), সাইফুল ইসলাম ওয়াসিম (২৫) ও ইয়াসিন (২৭) নিহত হন। নিহত তিনজনই নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাইজদী বাজার এলাকার বাসিন্দা।
এ ঘটনায় নিহত রাজিবের মা কামরুন নাহার ছবি বাদী হয়ে বেগমগঞ্জ থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটির জিআর নম্বর ৪২৭/১৬ এবং পরবর্তীতে দায়রা মামলা নম্বর ৭৬৫/১৯।
দীর্ঘ শুনানি শেষে আদালত আসামি ওমর সানি সাজু, ওমর শরিফ সুলতান ও সৌরভকে ফাঁসির আদেশ দেন। এছাড়া ফিরোজ মাহমুদ বাপ্পি, কুদরত উল্যা ও হারুন অর রশিদ বাবুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মামলার আসামিদের বাড়িও মাইজদী বাজার পুরাতন কলেজের অনন্তপুর এলাকায়।
রায়ে বাদী ও বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বরকত উল্যা রাশেদ এবং পি.পি. তাফাক্কার হোসেন সন্তোষ প্রকাশ করেন। অপরদিকে বিবাদীপক্ষের আইনজীবী শামসুদ্দিন জানান, তারা উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত