
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০২ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৪ বার পঠিত | পড়ুন মিনিটে

ফেনী শহরে ‘কিশোর গ্যাং’-এর অপতৎপরতা ও আড্ডাবাজি বন্ধে অভিযান চালিয়ে ১৭ জন কিশোরকে আটক করেছে পুলিশ। পরে তাদের মধ্যে ১১ জনকে অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত শহরের একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে ফেনী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ফেনী শহরের বিভিন্ন এলাকায় কিশোরদের মাধ্যমে ছোটোখাটো অপরাধ ও গ্যাং সংস্কৃতির প্রবণতা বৃদ্ধির একাধিক অভিযোগ আসে। অপরাধ প্রতিরোধ ও শহরকে অপরাধমুক্ত রাখতে নজরদারি জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার শহরের মিজান রোড, ফেনী সরকারি কলেজ মাঠ এবং ঐতিহ্যবাহী রাজাঝির দিঘির পাড় এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে এসব স্থানে অযথা ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল, এমন ১৭ কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটকদের বয়স আনুমানিক ১৪ থেকে ১৯ বছরের মধ্যে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানা পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, আটক ১৭ জনের মধ্যে ১১ জনের অভিভাবকদের থানায় তলব করা হয়। পরে ভবিষ্যতে এসব কর্মকাণ্ডে জড়াবে না মর্মে স্বজনদের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে তাদের জিম্মায় দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আটক কিশোরদের মধ্যে দুই থেকে তিনজন ফেনী জেলার বাইরের বাসিন্দা। যেসব কিশোরের অভিভাবক এখনো থানায় উপস্থিত হননি, তাদের স্বজনরা না এলে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধ এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত