সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

হরমুজ প্রণালিতে ৭ তেলবাহী জাহাজে হামলার দাবি ইরানের, মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হরমুজ প্রণালিতে ৭ তেলবাহী জাহাজে হামলার দাবি ইরানের, মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি

হরমুজ প্রণালিতে সাতটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির দাবি, হামলায় চারটি জাহাজে আগুন ধরে যায় এবং মাইনের আঘাতে অচল হয়ে পড়ে আরও তিনটি। তবে মাইন হামলার অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হরমুজ প্রণালিতে ট্যাঙ্কার চলাচলে মার্কিন বাহিনী সহায়তা করলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হামলার শিকার চারটি জাহাজ তেল স্থানান্তরের কাজে নিয়োজিত ছিল। রাতভর হামলার পর সেগুলোতে আগুন ধরে যায়। অন্য তিনটি জাহাজ মাইনের আঘাতে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর এক দিনে হরমুজ প্রণালিতে জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার এটিই সর্বোচ্চ ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিসংখ্যান কিংবা ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর জাতীয়তা সম্পর্কে বিস্তারিত জানায়নি আইআরজিসি।

মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি

আইআরজিসির বার্তা সংস্থা ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালির অন্য অংশে ট্যাঙ্কার চলাচলে সহায়তা বা নিরাপত্তা দিতে এগিয়ে আসে, তাহলে মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানো হবে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে সংঘাত আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোতেও ছড়িয়ে পড়তে পারে।

বিশ্বে ব্যবহৃত মোট খনিজ তেলের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার দাবি করে আসছে ইরান। অন্যদিকে, বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রণালিতে নিরাপত্তা ও পাহারার কার্যক্রম বাড়িয়েছে মার্কিন সামরিক বাহিনী।

তেলের দাম বাড়াতে ইরানের চেষ্টা, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কৃত্রিমভাবে বাড়ানোর চেষ্টা করছে ইরান।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান মনগড়া হামলা ও মাইন সংক্রান্ত ভুয়া তথ্য ছড়াচ্ছে। তাঁর দাবি, সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় এখন হরমুজ প্রণালি দিয়ে আরও বেশি তেল পরিবাহিত হচ্ছে।

মাইন হামলার অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) এক মুখপাত্র ইরানের মাইন হামলার দাবিকে সম্পূর্ণ অসত্য বলে প্রত্যাখ্যান করেছেন।

ওই মুখপাত্রের দাবি, আন্তর্জাতিক সমুদ্রপথ থেকে ইতিমধ্যে মাইন অপসারণ করেছে মার্কিন বাহিনী। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরান মিসাইল ও ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে।

তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালি এখনো সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে এবং প্রায় ৯৫ শতাংশ বাণিজ্যিক জাহাজ নিরাপদে চলাচল করছে।

মার্কিন পক্ষের দাবি, অবরোধের কারণে সামরিক সক্ষমতা পুনরুদ্ধারের প্রয়োজনীয় রসদ থেকে বঞ্চিত হয়ে ইরান এ ধরনের হামলা চালাচ্ছে। তবে জাহাজে হামলা, মাইন ব্যবহারের অভিযোগ ও হরমুজ প্রণালিতে চলাচলের পরিস্থিতি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের বক্তব্যে স্পষ্ট বিরোধ রয়েছে।

সূত্র: আল জাজিরা

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত