
ডেস্ক রিপোর্ট | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২৮ বার পঠিত | পড়ুন মিনিটে

রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলে দেশটির অত্যাধুনিক এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
এদিকে, ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলেও সামরিক বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ম্যুরথ-এট-মোজেল অঞ্চলে ফরাসি বিমানবাহিনীর একটি মিরাজ ২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে একজন নিহত হয়েছেন এবং অন্য একজন নিখোঁজ রয়েছেন।
বুধবার এক বিবৃতিতে ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় বিমানটিতে দুজন আরোহী ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভির তথ্যমতে, ন্যান্সি-ওশে বিমানঘাঁটি থেকে পরিচালিত যুদ্ধবিমানটি ন্যান্সি শহরের কাছে বিধ্বস্ত হয়। এ ঘটনায় আশপাশের এলাকায় যান চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত