
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২১ বার পঠিত | পড়ুন মিনিটে

আজ ৯ অক্টোবর, বিশ্ব ডাক দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘এক ডাক নেটওয়ার্ক, অসীম সম্ভাবনা’। দিবসটি উপলক্ষে ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডাকসেবা সপ্তাহ পালন করবে ডাক অধিদপ্তর।
ডাকসেবা সপ্তাহে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ডাকটিকিট প্রদর্শনী ও ডাকসেবাবিষয়ক মেলার আয়োজন করা হবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রচলিত ডাকসেবাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব সেবায় রূপান্তরের উদ্যোগ নিয়েছে ডাক অধিদপ্তর। এর অংশ হিসেবে ডাক ও লজিস্টিকস সেবার পরিধি বাড়ানো হচ্ছে।
এ লক্ষ্যে ই-কমার্স ও লজিস্টিকস সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল পদ্ধতিতে পণ্য অনুসরণ, ডাক সংগ্রহ ও সরবরাহব্যবস্থার উন্নয়ন এবং ফুলফিলমেন্ট সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিপণ্য ও মৌসুমি ফল পরিবহন এবং উদ্যোক্তাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ডাকঘর চালুর মাধ্যমে সেবা সম্প্রসারণ করা হচ্ছে।
ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ থেকে স্পিড পোস্টের মাধ্যমে প্রায় ৮১১ টন পণ্য পরিবহন করা হয়েছে। দ্রুত ও সাশ্রয়ী পার্সেল সেবা হিসেবে স্পিড পোস্ট ই-কমার্স, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, কৃষক এবং অনলাইনভিত্তিক ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ পরিবহনমাধ্যম হয়ে উঠছে।
প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের মাধ্যমে ডাক অধিদপ্তর গ্রাহকদের কাছে আরও সহজে ও কার্যকরভাবে সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের ডাকব্যবস্থাকে সময়োপযোগী করে তোলার চেষ্টা করছে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত