সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

‘নোবেল পাইনি, তাই নরওয়ের কাউকে যুক্তরাষ্ট্রে চাই না’: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘নোবেল পাইনি, তাই নরওয়ের কাউকে যুক্তরাষ্ট্রে চাই না’: ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়ের ওপর ক্ষোভ ঝেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে নরওয়ের নাগরিকদের যুক্তরাষ্ট্রে দেখতে চান না বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর এমন বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

রোববার (২৬ অক্টোবর) মিশিগানের পোর্ট হিউরন শহরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় নরওয়েকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে আয়োজিত ওই জনসভায় তিনি বলেন, ‘সত্যি বলতে, নরওয়ে একটা বাজে দেশ। আসলে নরওয়ে একটা জঘন্য দেশে পরিণত হয়েছে।’

ট্রাম্প বলেন, নির্দিষ্ট কিছু দেশ থেকে অভিবাসীদের স্বাগত জানালেও নরওয়ে থেকে কাউকে যুক্তরাষ্ট্রে আসতে দিতে চান না তিনি। এর কারণ হিসেবে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার বিষয়টি উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফেরেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আগ্রহ প্রকাশ্যে জানিয়ে আসছেন তিনি। বিশ্বশান্তিতে অবদানের জন্য পুরস্কারটি তাঁরই প্রাপ্য ছিল বলেও দাবি করেছেন ট্রাম্প।

পুরস্কার না পাওয়ার ঘটনাকে ‘লজ্জাজনক ও অপমানজনক’ আখ্যা দিয়ে তিনি নরওয়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। তবে ট্রাম্পের বক্তব্যের পর নরওয়ের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়ে দেশটির অভিবাসন নীতিতে আনুষ্ঠানিক কোনো পরিবর্তন আনা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

এদিকে ট্রাম্পের মন্তব্যের জবাবে সোমবার প্রতিক্রিয়া জানিয়েছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এস্পেন বার্থ ইদে। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম এনআরকে-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নোবেল কমিটি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে। এ বিষয়ে নরওয়ে সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই।

এস্পেন বার্থ ইদে বলেন, ট্রাম্প ভালো করেই জানেন যে নোবেল কমিটি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। তারপরও তাঁকে বিষয়টি আবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

এর আগে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে হাইতি ও আফ্রিকার কয়েকটি দেশ নিয়ে অশালীন মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প।

সূত্র: এএফপি

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত