সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ডা. এ. এন. এম. এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বর্তমান শিক্ষাব্যবস্থাকে নীতি ও নৈতিকতার আলোকে ফিরিয়ে আনতে হবে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (AUST) আয়োজিত তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ (ICKIEL-2026)’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চীন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, “আমরা আমাদের মূল নৈতিক ভিত্তি থেকে অনেক দূরে সরে যাচ্ছি, যা গভীরভাবে ভেবে দেখার বিষয়। আর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে নতুন প্রজন্মকে দেশপ্রেম এবং নৈতিক মূল্যবোধের (ইথিক্যাল ভ্যালুজ) ভিত্তিতে গড়ে তুলতে হবে।”

শিক্ষামন্ত্রী বর্তমানে চীনে বিশ্ব কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন সম্মেলন ২০২৬-এ অংশ নিতে অবস্থান করছেন। সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, বিশ্বের ১০০টি দেশের অংশগ্রহণে আয়োজিত ওই সম্মেলনে বাংলাদেশের কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় বাংলাদেশের কারিগরি শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ছয়টি অগ্রাধিকারভিত্তিক উদ্যোগে কৌশলগত শিক্ষাগত সমন্বয় করা হবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (BIIT) ও আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। শিক্ষা ও জ্ঞানের বৈশ্বিক সমন্বয় এবং আন্তর্জাতিক শিক্ষাগত নেতৃত্বের বিকাশ ছিল সম্মেলনের মূল লক্ষ্য।

সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, নাইজেরিয়া, ভারত ও পাকিস্তানসহ প্রায় ১৫টি দেশের গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম. এইচ. খান মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিআইআইটির মহাপরিচালক ও আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক আবদুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান বলেন, “নৈতিক শিক্ষার সঙ্গে জাগতিক শিক্ষার আমরা কোনো সমন্বয় করতে পারছি না। অন্যদিকে, আমাদের গ্র্যাজুয়েটদের মধ্যে সমাজের চাহিদা অনুযায়ী উপযুক্ত দক্ষতার অভাব দেখা যাচ্ছে।”

তিনি বলেন, দেশে সাধারণ বেকারত্বের হার প্রায় ৩ দশমিক ৫ শতাংশ হলেও বিশ্ববিদ্যালয় থেকে পাস করা বেকারদের হার ১৩ দশমিক ৯ শতাংশ। এ পরিস্থিতিকে অত্যন্ত আশঙ্কাজনক উল্লেখ করে তিনি একে জাতীয় ব্যর্থতা হিসেবে অভিহিত করেন। এ সংকট মোকাবিলায় আধ্যাত্মিক শিক্ষার সঙ্গে জাগতিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে সামাজিক চাহিদার যথাযথ সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি।

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক্সটেনশন সার্ভিসেস সেন্টারের পরিচালক ও আয়োজক কমিটির সহসভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সরওয়ার মোর্শেদ। বক্তব্য দেন সহ-আয়োজক প্রতিষ্ঠান ইউনিভার্সিটি সেইনস ইসলাম মালয়েশিয়ার (USIM) লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট ফ্যাকাল্টির ডিন সহযোগী অধ্যাপক ড. মো. রুশদান মাহাদ জিলানী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল হক। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম রহমান।

তিন দিনব্যাপী এ সম্মেলনে দেশি-বিদেশি শিক্ষাবিদ ও গবেষকেরা আধুনিক শিক্ষাব্যবস্থায় জ্ঞান ও নৈতিকতার সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে আয়োজক ও সহ-আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন ইউনিভার্সিটি সেইনস ইসলাম মালয়েশিয়ার প্রফেসর ড. মো. ইউসুফ আলী।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত