
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৫৭ বার পঠিত | পড়ুন মিনিটে

লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে এবার যোগ হতে পারে এক অস্বস্তিকর রেকর্ড। ইন্টার মায়ামি টানা চার ম্যাচ জয়হীন থাকায় আগামী ম্যাচে জয় না পেলে ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ জয়হীন ধারায় পৌঁছে যাবেন আর্জেন্টাইন তারকা।
শনিবার সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে মাঠে নামবে মায়ামি। ম্যাচটিতে জয় না পেলে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকবে দলটি। মেসির ক্যারিয়ারে এর আগে এমন দীর্ঘ জয়হীন ধারা এসেছিল ২০১৩ সালে, বার্সেলোনার হয়ে খেলার সময়।
মায়ামির সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না। সর্বশেষ ম্যাচে টরন্টো এফসির কাছে ২-১ গোলে হারের আগে টানা তিন ম্যাচেও জয় পায়নি তারা। ফলে শেষ চার ম্যাচে জয়হীন দলটি।
এই সময়ে মেসি অবশ্য ব্যক্তিগতভাবে কার্যকর ছিলেন। চার ম্যাচে করেছেন দুটি গোল এবং সতীর্থকে একটি গোলে সহায়তা করেছেন। তবে তার পারফরম্যান্স দলকে জয়ের পথে ফেরাতে পারেনি।
২০১৩ সালে বার্সেলোনা টানা পাঁচ ম্যাচ জয়হীন ছিল। এর মধ্যে চারটি ম্যাচ ড্র এবং একটিতে হেরেছিল তারা। মন্ট্রিয়েলের বিপক্ষে জয় না পেলে মায়ামির সঙ্গে মেসিও সেই পাঁচ ম্যাচের জয়হীন ধারায় পৌঁছে যাবেন।
মায়ামির দুশ্চিন্তা আরও বাড়িয়েছে রক্ষণভাগের দুর্বলতা। ২০২৬ সালের মে মাসের পর থেকে কোনো ম্যাচেই প্রতিপক্ষকে গোলশূন্য রাখতে পারেনি দলটি। জয়হীনতার পাশাপাশি নিয়মিত গোল হজম করাও এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
এর আগে ২০২৫ সালেও টানা চার ম্যাচ জয়হীন হয়েছিল মায়ামি। তবে এরপর টানা পাঁচ ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছিল তারা। এবারও একইভাবে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় মেসি ও তার সতীর্থরা।
মন্ট্রিয়েলের বিপক্ষে ম্যাচটি তাই মায়ামির জন্য শুধু তিন পয়েন্টের লড়াই নয়, বরং জয়খরা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পরীক্ষা। আর মেসির সামনে অপেক্ষা করছে ক্যারিয়ারের অস্বস্তিকর এক রেকর্ড এড়ানোর চ্যালেঞ্জ।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত