
ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৪ বার পঠিত | পড়ুন মিনিটে

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে কয়েক দিনের টানা ভারী বৃষ্টির পর ভয়াবহ ভূমিধসে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
শনিবার ভোর ৪টার দিকে প্রদেশটির জিয়ান শহরের সুইচুয়ান কাউন্টির একটি গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কাউন্টির বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ সদর দপ্তর জানিয়েছে, কয়েক দিন ধরে চলা ভারী বৃষ্টির কারণেই ভূমিধসের ঘটনা ঘটে। টাইফুন সাউডেলের প্রভাবে ওই এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ভূমিধসের পর তিনজনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা স্থিতিশীল থাকলেও অপরজনকে মৃত ঘোষণা করা হয়েছে।
নিখোঁজ ১১ জনের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
নতুন করে ভূমিধস ও অন্যান্য দুর্যোগের আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থাও জোরদার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত