
জেলা প্রতিনিধি | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ০ বার পঠিত | পড়ুন মিনিটে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ ঘাট সেতু সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়দহ ঘাট এলাকায় বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা নদীতে ড্রেজার মেশিন রেখে পালিয়ে যায়। পরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান বলেন, বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত