
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১২ বার পঠিত | পড়ুন মিনিটে

শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবাসহ দুই ছাত্রদল নেতাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন (২২) এবং সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন (২৩)। দেলোয়ার সোহাগপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এবং সাদেক কাকরকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয়দের সন্দেহ হলে ভোররাতে হ্যান্ডেল মোড়ে ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের একটি ঘরে নিয়ে গিয়ে গণধোলাই দেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইয়াবাসহ তাদের নিজেদের হেফাজতে নেয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, ইয়াবাসহ আটকের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেলোয়ার হোসেন ও সাদেক হোসেনকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিকেলে শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত