
ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১ বার পঠিত | পড়ুন মিনিটে

ইরানের দক্ষিণাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। হামলাটি যুক্তরাষ্ট্র চালিয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
শনিবার (৭ নভেম্বর) তাসনিমের এক প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী, দ্বীপটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হলে বিস্তারিত জানানো হবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে অবস্থিত কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ওই এলাকায় দুটি বস্তু আঘাত হানতে দেখেছেন। এ সময়ের আগে দ্বীপের আকাশে বিমানের শব্দও শুনতে পান তাঁরা।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা হয়নি—এমন প্রচারিত খবরকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম কার্যালয়।
শনিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কাতারের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, দুই পক্ষ এখনো একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে। এ বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে কাতার।
কেশম দ্বীপে বিস্ফোরণের খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানায়, দ্বীপটির আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।
এর আগে শুক্রবার হরমুজ প্রণালির কাছে কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ধ্বংসের খবর প্রকাশ করেছিল ইরানের গণমাধ্যম। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত