
ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৪ বার পঠিত | পড়ুন মিনিটে

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক হচ্ছেন শোয়েব আখতার—এমন গুঞ্জনে সরগরম ছিল পাকিস্তানের ক্রিকেটাঙ্গন। তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে সাবেক এই গতিতারকা জানিয়েছেন, পিসিবিতে কোনো দায়িত্ব নেওয়ার বিষয়ে তার সঙ্গে বোর্ডের কোনো আলোচনাই হয়নি।
ইংল্যান্ড সফর ঘিরে পাকিস্তান ক্রিকেটে সাম্প্রতিক নানা আলোচনা-সমালোচনার পর সম্ভাব্য পরিবর্তন নিয়ে বেশ কিছু খবর সামনে আসে। এর মধ্যেই প্রধান নির্বাচক হিসেবে শোয়েব আখতারের নাম ছড়িয়ে পড়ে।
তবে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব স্পষ্ট করে বলেন, তাকে ঘিরে ছড়ানো এসব খবরের কোনো ভিত্তি নেই।
৫১ বছর বয়সী শোয়েব জানান, পিসিবি ও পাকিস্তানের রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন তার মা। সেই পরামর্শ এখনও মেনে চলছেন তিনি।
শোয়েব বলেন, “এরকম কিছুই হচ্ছে না। যা কিছু বলা হচ্ছে সবই অনুমাননির্ভর। আমি আমার বক্তব্যে অটল এবং মায়ের সেই পরামর্শেই থাকব। এই দাবিগুলোর কোনো সত্যতা নেই।”
প্রধান নির্বাচক হওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি আরও বলেন, “পিসিবিতে যাওয়ার ব্যাপারে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার বিষয়ে এই সমস্ত খবর আমিও শুনেছি। কিন্তু এগুলো সবই ভুয়া এবং এই ধরনের দাবির কোনো সত্যতা নেই। আমি শুধু পাকিস্তান ক্রিকেটের মঙ্গল চাই।”
বর্তমানে দেশের বাইরে ছুটি কাটাচ্ছেন শোয়েব। তবে পিসিবির আনুষ্ঠানিক কোনো পদে না থেকেও পাকিস্তান ক্রিকেটের জন্য কাজ করার ইচ্ছা রয়েছে তার।
সাবেক এই তারকা বলেন, “অবশ্যই পাকিস্তান ক্রিকেটের সেবা করতে চাই, কিন্তু আমি মনে করি, তা আরও অনেক উপায়েই করতে পারি।”
শোয়েবের এমন বক্তব্যে তার প্রধান নির্বাচক হওয়ার গুঞ্জনে আপাতত পানি ঢেলে দেওয়া হলো। পিসিবির সঙ্গে কাজ করার বিষয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে দায়িত্ব নেওয়ার খবরকে সরাসরি ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক এই গতিতারকা।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত