
জেলা প্রতিনিধি | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১০১ বার পঠিত | পড়ুন মিনিটে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ১৩ বছর বয়সী অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নিতে কুবি ক্যাম্পাসে জড়ো হন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, স্বজন ও স্থানীয়রা।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় পুরো ক্যাম্পাসে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। নিখোঁজের পর তাকে উদ্ধারে পরিবার ও সংশ্লিষ্টরা বিভিন্নভাবে চেষ্টা চালান। পরে তার মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অপ্রতিমের স্বজনদের মধ্যে শোক নেমে আসে।
জানাজার আগে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমার একটাই ছেলে। আমার ছেলে আপনাদের কুমিল্লার আকাশের নিচে আপনাদের ভালোবাসায় বড় হয়েছিল। আমি ওর বাবা হিসেবে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। যদি কোনো আচরণে আপনারা দুঃখ পান, আপনারা ক্ষমা করে দেবেন। ওর জন্য দোয়া করবেন, যেন বেহেশত নসিব হয়।’
জানাজা শেষে অপ্রতিমের মরদেহ দ্বিতীয় জানাজার জন্য গন্ধমতিতে নিয়ে যাওয়া হয়।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত