
ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে ফ্লাইট বৃদ্ধি, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
বুধবার মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের (MOTAC) উপমন্ত্রী ইউবি তুয়ান চিয়ু চুন ম্যানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত। বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের পর্যটকদের জন্য বৈচিত্র্যময় ও আকর্ষণীয় পর্যটন অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি পর্যটন খাতে নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়, দুই দেশের মধ্যে ফ্লাইটের সংখ্যা ও ফ্রিকোয়েন্সি বৃদ্ধি, দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং প্রি-ভেরিফিকেশন নিয়ে আলোচনা হয়। এ ছাড়া পর্যটন খাতে দুই দেশের অভিজ্ঞতা, জ্ঞান ও সফলতার মডেল বিনিময়ের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
হসপিটালিটি বা আতিথেয়তা খাতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই পক্ষ আলোচনা করে। মালয়েশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের চাহিদা পূরণ এবং যোগ্য বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এ সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে উভয় পক্ষ পর্যটন উন্নয়ন, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করে। এ ধরনের সহযোগিতা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত