
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ২ বার পঠিত | পড়ুন মিনিটে

চট্টগ্রামের বাঁশখালীতে আট বছর বয়সী এক শিশুকে একাধিকবার বলাৎকারের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি ও একটি মাদরাসার প্রধান শিক্ষক মুহাম্মদ রমিজ উদ্দীনকে (৩১) গ্রেফতার করেছে র্যাব-৭।
মঙ্গলবার (৪ আগষ্ট) র্যাব-৭ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৩ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটের দিকে আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সংলগ্ন চায়না রোডের বৈরাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ভুক্তভোগী শিশুটি বাঁশখালীর একটি মাদরাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, মাদরাসায় ভর্তি হওয়ার পর থেকে প্রধান শিক্ষক রমিজ উদ্দীন বিভিন্ন সময়ে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে মাদরাসার ওয়াশরুমে নিয়ে বলাৎকার করেন।
মামলার এজাহার অনুযায়ী, সর্বশেষ গত ২৩ জুলাই বিকেলে ক্লাস শেষে অন্য শিক্ষার্থীরা মাঠে খেলতে গেলে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে মাদরাসার দ্বিতীয় তলার একটি কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। পরে বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়। বাড়ি ফিরে শিশুটি মায়ের কাছে ঘটনাটি জানায়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গত ২৯ জুলাই বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫) এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় মামলা করেন।
l
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত