
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩২ বার পঠিত | পড়ুন মিনিটে

ইউএস ওপেনে যেন অবিশ্বাস্য প্রত্যাবর্তনের নতুন এক গল্প লিখে চলেছেন ঝেং কিনওয়েন। টানা দ্বিতীয় ম্যাচে ০-৫ গেমে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছেন চীনের এই তারকা। এবার তাঁর শিকার ছয়বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ইগা শিয়াওতেক।
প্রথম সেটে ০-৫ গেমে পিছিয়ে পড়ে অনেকটাই চাপে ছিলেন ঝেং। কিন্তু সেখান থেকেই বদলে যায় ম্যাচের চিত্র। দুর্দান্ত লড়াইয়ে টানা সাতটি গেম জিতে ৭-৫ ব্যবধানে সেটটি নিজের করে নেন ২৩ বছর বয়সী এই খেলোয়াড়।
দ্বিতীয় সেটেও শিয়াওতেককে ম্যাচে ফেরার সুযোগ দেননি ঝেং। ৬-৩ গেমে সেট জিতে ৭-৫, ৬-৩ ব্যবধানে ম্যাচ নিশ্চিত করেন তিনি।
সবচেয়ে অবাক করার মতো বিষয়, মাত্র দুই দিন আগেও একই রকম প্রত্যাবর্তন করেছিলেন ঝেং। ম্যাডিসন কিসের বিপক্ষে ম্যাচের তৃতীয় সেটে ০-৫ গেমে পিছিয়ে থেকেও টানা সাত গেম জিতে ম্যাচে জয় পেয়েছিলেন তিনি। এবার শিয়াওতেকের বিপক্ষেও একই কীর্তি গড়লেন।
এই জয়ে ইউএস ওপেনের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছেন ঝেং। বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে ওঠার পর এটি তাঁর টানা সপ্তম জয়।
২০২৪ সালের অলিম্পিক সোনাজয়ী ঝেং চোটের কারণে দীর্ঘ সময় ছন্দের বাইরে ছিলেন। তবে ইউএস ওপেনে দুর্দান্ত পারফরম্যান্সে যেন আবারও নিজের সেরা সময়ের ইঙ্গিত দিচ্ছেন তিনি।
শেষ আটে ঝেংয়ের প্রতিপক্ষ এলেনা রিবাকিনা। চতুর্থ রাউন্ডে নাওমি ওসাকাকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন রিবাকিনা।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত