
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৯৩ বার পঠিত | পড়ুন মিনিটে

হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানির তীব্র স্রোতে ভেসে আব্দুল মন্নান (৫০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের কালীকৃষ্ণনগর গ্রামের বাসিন্দা আব্দুল মন্নান লাকড়ি সংগ্রহের জন্য সোনাই নদীতে নামেন। এ সময় নদীর প্রবল স্রোতে হঠাৎ ভেসে যান তিনি।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত নদীতে নেমে বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত নদী ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েও তার সন্ধান মেলেনি।
মন্নান নিখোঁজের ঘটনায় পরিবারে নেমে এসেছে উদ্বেগ ও উৎকণ্ঠা। স্বজন ও স্থানীয়রা নদীর বিভিন্ন অংশে তার সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়রা জানান, সোনাই নদীতে বর্তমানে পানির স্রোত বেশ তীব্র। নিখোঁজ মন্নানকে দ্রুত উদ্ধারে কার্যকর অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত