
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১০৩ বার পঠিত | পড়ুন মিনিটে

সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুরুষের গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া গেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাড়ির কক্ষ থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সাধারণত বন্ধ থাকত। স্বামী-স্ত্রীর পরিচয়ে তারা বাসাটি ভাড়া নিয়েছিলেন। রাতে কক্ষ থেকে পচা দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে ভোরে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই রাসেল হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে। পুরুষের গলায় গামছা প্যাঁচানো ছিল।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত