
ডেস্ক রির্পোট | শনিবার, ১৩ জুন ২০২৬ | প্রিন্ট | ১৮ বার পঠিত | পড়ুন মিনিটে

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা এখন সারা বিশ্বে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তেও ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। পিছিয়ে নেই দক্ষিণের জেলা পিরোজপুরও।
শুক্রবার (১২ জুন) বিকেলে পিরোজপুরে কয়েকশ ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সমর্থকরা প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেন। উভয় দলের সমর্থকদের শোভাযাত্রাটি পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় বিদ্যালয় মাঠে এসে মিলিত হয়।
শোভাযাত্রায় ব্রাজিল এবং আর্জেন্টিনা দলের ভক্ত সমর্থকরা বিভিন্ন স্লোগানে স্লোগানে মেতে ওঠেন। এসময় কারো হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, কারো হাতে ছিল আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা। উৎসবমুখর পরিবেশে পুরো শহরজুড়ে ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়ে। মিছিল ও মোটরবাইক শোভাযাত্রায় বিভিন্ন বয়সি ফুটবলপ্রেমীরা অংশ নেন।
আয়োজকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং নিজেদের প্রিয় দলকে সমর্থন জানাতেই এ আনন্দ মিছিলের আয়োজন।
আর্জেন্টিনা সমর্থক এমদাদুল হক মাসুদ বলেন, ‘বাংলাদেশে সব থেকে আর্জেন্টিনার সমর্থক বেশি। আমরা আর্জেন্টিনা দলের খেলা পছন্দ করি। বিগত দিনে যেভাবে তিনটি বিশ্বকাপ জিতেছে, আশা করি এবারেও তাদের হাতেই বিশ্বকাপের ট্রফি উঠবে।’
ব্রাজিল সমর্থক লিমন শেখ বলেন, ‘আজকের আয়োজনটা হলো আনন্দ র্যালি। যেটি উৎসবের অগ্রিম আমেজ। প্রত্যাশা করি বিশ্বকাপের ট্রফি ব্রাজিলের হাতেই উঠবে।’

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত