
জেলা প্রতিনিধি | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ০ বার পঠিত | পড়ুন মিনিটে

জয়পুরহাটে অবৈধভাবে অন্য জেলায় পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন সংশ্লিষ্ট ডিলার ও পরিবহনকারীরা। পরে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার দোয়ানি বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।
অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পরিবহনকারীরা ১৫ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা পটাশ সার ফেলে রেখে পালিয়ে যান। পরে জব্দ করা সারগুলো স্থানীয় কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে মোট ২৫ হাজার ২৫০ টাকায় বিক্রি করা হয়।
স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অধিক লাভের আশায় জয়পুরহাট সদর উপজেলার কুঠিবাড়ি ব্রিজ বাজারের সাব-ডিলার ‘মেসার্স শাহীন ট্রেডার্স’-এর মালিক শাহীন কাদির সরকারি বরাদ্দের এসব সার নওগাঁর ধামইরহাটে পাচারের চেষ্টা করছিলেন।
জয়পুরহাট সদর ইউএনও মাহমুদুল হাসান বলেন, সরকারি সার অবৈধভাবে পাচারের সঙ্গে জড়িত পলাতক ডিলার শাহীন কাদির ও অজ্ঞাতপরিচয় পরিবহনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, কৃষকের জন্য বরাদ্দ করা সার নিয়ে যেকোনো অনিয়ম, মজুত বা পাচারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত