
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৬ বার পঠিত | পড়ুন মিনিটে

ঢাকাই চলচ্চিত্রের নায়ক জায়েদ খান নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন। ‘ভায়োলেন্স’ নামের সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন দুই নায়িকা অধরা খান ও শিরিন শিলা। এরই মধ্যে কানাডায় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। শুটিং শুরুর আগে দুই নায়িকার সঙ্গে ফটোশুটেও অংশ নিয়েছেন জায়েদ খান।
সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত মহরতে সিনেমাটির পরিচালক ও অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন। কামাল হোসেনের পরিচালনায় নির্মিতব্য ‘ভায়োলেন্স’ উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালিদের কথা মাথায় রেখে নির্মাণ করা হচ্ছে।
নতুন সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত জায়েদ খান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। কারণ কানাডায় এই প্রথম এভাবে পূর্ণাঙ্গভাবে বাংলা সিনেমার শুটিং হতে যাচ্ছে। এটা অনেক বড় ব্যাপার। আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজটি করব। আশা করছি দারুণ কিছুই হবে।’
এর আগে গত ২৭ আগস্ট নিউইয়র্ক থেকে কানাডার অন্টারিওর উদ্দেশে রওনা হন জায়েদ খান। বিজনেস ক্লাসে বসে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেন তিনি। তবে আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত ফ্লাইটটি উড্ডয়ন করতে পারেনি। বজ্রপাতের কারণে প্রায় ৯ ঘণ্টা অপেক্ষার পর ফিরে আসেন তিনি। এদিকে কানাডায় তার জন্য অপেক্ষা করছিলেন অধরা খান ও শিরিন শিলা।
জায়েদ খানকে সর্বশেষ দেখা গেছে ‘সোনার চর’ সিনেমায়। ছবিটির পরিচালক, কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জাহিদ হাসান। এতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত