
ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১০৫ বার পঠিত | পড়ুন মিনিটে

দুই গোলে পিছিয়ে ছিল ইন্টার মিলান। মনে হচ্ছিল, সান সিরোয় হয়তো হতাশ হয়েই মাঠ ছাড়তে হবে বর্তমান চ্যাম্পিয়নদের। কিন্তু শেষ পর্যন্ত গল্পটা হলো পুরোপুরি উল্টো। দুর্দান্ত প্রত্যাবর্তনে নাপোলিকে ৩-২ গোলে হারিয়ে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে ইন্টার। জোড়া গোল করে এই জয়ের মূল নায়ক অধিনায়ক লাউতারো মার্তিনেজ।
শনিবার রাতে সান সিরোয় গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের চেহারা বদলে দেয় নাপোলি। ৫০তম মিনিটে মাত্তেও পলিতানো ফিরতি বল থেকে নিচের কোণায় শট নিয়ে এগিয়ে দেন সফরকারীদের।
মাত্র তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে নাপোলি। রাসমুস হইলুন্দের দুর্দান্ত বাঁকানো শট জালে জড়ালে ২-০ গোলে পিছিয়ে পড়ে ইন্টার।
তবে সেখান থেকেই শুরু ইন্টারের প্রত্যাবর্তন। ৫৬তম মিনিটে ফেদেরিকো দিমার্কোর দারুণ ক্রস থেকে কাছ থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান কমান লাউতারো।
সমতায় ফেরার সুযোগও তৈরি করে ইন্টার। মার্কাস থুরামের শট পোস্টে লেগে ফিরে গেলেও হাল ছাড়েনি স্বাগতিকরা। ম্যাচের ৮২তম মিনিটে ডান দিকের নিখুঁত হেডে ইন্টারকে ২-২ সমতায় ফেরান থুরাম।
এরপর শেষ মুহূর্তে আসে নাটকীয় সমাপ্তি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে ইন্টারকে ৩-২ ব্যবধানের অবিশ্বাস্য জয় এনে দেন লাউতারো মার্তিনেজ। জয়সূচক গোলের পর সান সিরোর গ্যালারিতে সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাসে মাতেন আর্জেন্টাইন অধিনায়ক।
এই জয়ে চলতি সিরি আ মৌসুমে নিজেদের প্রথম তিন ম্যাচেই জয় পেল ইন্টার। ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
অন্যদিকে, টানা দুই ম্যাচে হেরে কঠিন সময় পার করছে নাপোলি। গত সপ্তাহে কোমোর কাছে ঘরের মাঠে হারের পর এবার ইন্টারের কাছেও হারল ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নরা। তিন ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে রয়েছে নাপোলি।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত