
ডেস্ক রিপোর্ট | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৫ বার পঠিত | পড়ুন মিনিটে

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও মালবোঝাই ট্রাকের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নিমতলা আন্ডারপাসের ওপর ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৪টা ২৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
প্রাথমিকভাবে জানা যায়, দক্ষিণবঙ্গ থেকে ঢাকাগামী গ্রীন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মালবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের তিন যাত্রী আহত হন।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কে নিরাপদে চলাচলের জন্য চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, ট্রাফিক আইন অনুসরণ এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পাশাপাশি যাত্রী ও চালকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত