
ডেস্ক রিপোর্ট | রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৬ বার পঠিত | পড়ুন মিনিটে

রেসিং ঘরানার জনপ্রিয় সিনেমা ‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েলে টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। প্রায় চার দশক পর ফিরছে সিনেমাটির নতুন কিস্তি। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি এ খবর নিশ্চিত করেছে।
প্যারামাউন্ট পিকচার্স জানিয়েছে, ১৯৯০ সালে টনি স্কট পরিচালিত মূল সিনেমাটি মুক্তির প্রায় ৪০ বছর পর এর সিক্যুয়েল প্রেক্ষাগৃহে আসছে। ২০২৮ সালের ২ জুন সিনেমাটি মুক্তি পাবে।
নতুন সিনেমায় টম ক্রুজ আবারও লড়াকু ন্যাসকার ড্রাইভার কোল ট্রিকল চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে অ্যান হ্যাথাওয়েকে দেখা যাবে একটি রেসকার দলের মালিক ও প্রকৌশলীর ভূমিকায়।
শনিবার (২৯ আগস্ট) ন্যাসকারের ডেটোনা ইন্টারন্যাশনাল স্পিডওয়েতে অ্যান হ্যাথাওয়ের সঙ্গে তোলা ছবি প্রকাশ করে সিনেমাটিতে তার যুক্ত হওয়ার বিষয়টি উদযাপন করেন টম ক্রুজ। একই সঙ্গে দুজনের সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমাটির ঘোষণা দেওয়া হয়।
জোনাথন লেভিনের পরিচালনায় নির্মিত হবে সিক্যুয়েলটি। চিত্রনাট্য লিখেছেন উইল স্ট্যাপলস। সিনেমাটি আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হবে এবং শুধু প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। ডলবি সিনেমা ও ৪-ডিএক্স ফরম্যাটেও প্রদর্শিত হবে এটি। ছবিটি প্রযোজনা করছেন টম ক্রুজ, জেরি ব্রুকহাইমার ও টমি হার্পার।
‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির কাজ শেষ করার পর এটি টম ক্রুজের অন্যতম বড় নতুন প্রজেক্ট। পাশাপাশি আলেহান্দ্রো ইনারিতুর ‘ডিগার’ এবং নতুন ‘টপ গান’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি।
অন্যদিকে, ২০২৬ সালে অ্যান হ্যাথাওয়ের ক্যারিয়ারে রয়েছে একাধিক বড় প্রজেক্ট। ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ ও **‘ভেরিটি’**সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করছেন তিনি। পাশাপাশি ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’-এর তৃতীয় পর্ব নিয়েও কাজ শুরু করেছেন এই অভিনেত্রী।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত