
জেলা প্রতিনিধি | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২২ বার পঠিত | পড়ুন মিনিটে

গাজীপুরের টঙ্গীতে সাত বছরের এক শিশুশিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত মাদরাসার উপাধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ওমর হায়দার এ আদেশ দেন।
মোসলেহ উদ্দিন টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকার ‘ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’র উপাধ্যক্ষ।
অভিযোগ অনুযায়ী, গত ২০ অক্টোবর মাদরাসাটির প্রথম শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে নিজ কক্ষে যৌন হেনস্থা করেন মোসলেহ উদ্দিন। বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতিও দেখান তিনি। পরে বাড়িতে ফিরে পরিবারের কাছে ঘটনা জানায় শিশুটি।
পরদিন সকালে শিশুটির বাবা জালাল উদ্দিন রুমী মাদরাসায় গিয়ে শিক্ষকের কাছে ঘটনার জবাব চান। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে মারধর করেন। এ সময় শিশুটির বাবা শাহজালাল রুমি তাঁকে চড় মারেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেয়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে ওই মামলায় মোসলেহ উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়। গত ২২ অক্টোবর তাঁকে আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে শিশু নির্যাতনের সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুটির জবানবন্দিও গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রেকর্ড করা হয়েছে।
এদিকে, অভিযুক্ত শিক্ষকের ওপর হামলা, মাদরাসায় ভাঙচুর ও টাকা লুটের অভিযোগে মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকেও পাল্টা মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত