
ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে

জ্বালানি সংকট ভয়াবহ রূপ নেওয়ায় গাজার কুয়েত হাসপাতাল আগামী রোববার থেকে অধিকাংশ চিকিৎসাসেবা স্থগিত করার ঘোষণা দিয়েছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত না হলে হাসপাতালটিতে শুধু জরুরি রোগীদের চিকিৎসা দেওয়া হবে। খবর আল জাজিরার।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছ থেকে তারা অবহিত হয়েছে।
জ্বালানি সংকটের কারণে অস্ত্রোপচার, প্রসূতি সেবা, বহির্বিভাগ, পরীক্ষা-নিরীক্ষা, অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহনসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সেবা বন্ধ রাখতে হবে। তবে সাধারণ জরুরি বিভাগ ও প্রসূতি জরুরি বিভাগ চালু রাখার চেষ্টা করা হবে।
গাজার স্বাস্থ্যব্যবস্থায় বিদ্যুৎ ও জ্বালানি সংকট ক্রমেই তীব্র হচ্ছে। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জ্বালানি, ইঞ্জিন তেল ও প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে কয়েকটি হাসপাতালের জেনারেটর ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে।
যেসব জেনারেটর এখনো সচল রয়েছে, সেগুলোও সার্বক্ষণিক চালাতে হচ্ছে। ফলে হাসপাতালের সব জীবনরক্ষাকারী বিভাগে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
এর কয়েক দিন আগে খান ইউনিসের নাসের হাসপাতালের কর্মীরা রয়টার্সকে জানান, হাসপাতালের বিভিন্ন ভবনে পালাক্রমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। হাসপাতালটির চারটি জেনারেটরের মধ্যে একটি ইতোমধ্যে অচল হয়ে পড়েছে।
কুয়েত হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, সেবা বন্ধ হয়ে গেলে প্রতিদিন হাজারো ফিলিস্তিনি প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হবেন। এতে গাজার সংকটাপন্ন স্বাস্থ্যব্যবস্থার ওপর আরও বড় চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: আল জাজিরা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত