
ডেস্ক রিপোর্ট | শনিবার, ২২ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৪ বার পঠিত | পড়ুন মিনিটে

ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি কোন দিকে এগোয়, আপাতত সেটিই পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বিকল্প সীমিত হয়ে গেছে—এমনটা ভাবার কোনো কারণ নেই। ইরানের সঙ্গে পরবর্তী পরিস্থিতি কী দাঁড়ায়, তা দেখতেই আপাতত অপেক্ষা করছে যুক্তরাষ্ট্র।
এদিকে ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আগামী সোমবার এসব নিষেধাজ্ঞার বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছেন ট্রাম্প।
হরমুজ প্রণালি নিয়েও কড়া অবস্থানের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, গুরুত্বপূর্ণ এই জলপথের পুরো অঞ্চলেই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে। ট্রাম্প বলেন, ইরান চুক্তি করতে চাইবে, তবে এখনো তার কাঙ্ক্ষিত ‘সঠিক চুক্তি’ করার জন্য প্রস্তুত নয় দেশটি।
যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। সংঘাত প্রায় ছয় মাসে গড়ালেও গুরুত্বপূর্ণ এই জলপথে জ্বালানি পরিবহনে বিঘ্ন অব্যাহত রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হাতে এখনো উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা রয়েছে। ফলে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচলে নতুন করে বাধা তৈরির আশঙ্কা রয়েছে।
যুদ্ধ শুরুর পর ইরান ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে এবং ইসরায়েলের লেবানন অভিযানে হাজারো মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত