
জেলা প্রতিনিধি | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১ বার পঠিত | পড়ুন মিনিটে

নেত্রকোনার বিভিন্ন সীমান্ত দিয়ে পাচারের সময় গত নয় মাসে ১২ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৪৪ টাকা মূল্যের চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ঘটনায় মোট ১৮ জনকে আটক করা হয়েছে।
শনিবার এক প্রেস নোটে এ তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী।
বিজিবি সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নেত্রকোনার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দ পণ্যের তালিকায় রয়েছে ভারতীয় বিভিন্ন ধরনের মদ, ফেনসিডিল, ইয়াবা, স্কাফ সিরাপ, বিয়ার, গাঁজা, খাদ্যসামগ্রী, কসমেটিকস, পোশাকসামগ্রী, গবাদিপশু, কয়লা, চিনি, ওষুধ, জিরা, সুপারি, রসুন, বিভিন্ন ধরনের মাছ ও মাছের পোনা।
জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ১৯০ বোতল ভারতীয় মদ, ২৪০ বোতল ফেনসিডিল, ৪২৮ পিস ইয়াবা, ৬০ ক্যান বিয়ার, ৬৫ বোতল স্কাফ সিরাপ, ২৫০ গ্রাম গাঁজা এবং অন্যান্য মাদকের ৮৪ পিস ট্যাবলেট। এসব ঘটনায় ৯ জনকে আটক করা হয়।
এ ছাড়া সোমেশ্বরী নদীর ভবানীপুর ও বিজয়পুরের বিভিন্ন এলাকা থেকে ১ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৪০০ টাকা মূল্যের কয়লা এবং ৭৩ লাখ ২৬ হাজার ১৩০ টাকা মূল্যের অন্যান্য সামগ্রী জব্দ করেছে বিজিবি।
বিজিবির হিসাবে, জব্দ করা মোট মালামালের মধ্যে ৫২ লাখ ৮৫ হাজার ৮২০ টাকা মূল্যের মাদক এবং ১১ কোটি ৬৭ লাখ ৪৮ হাজার ৫২৪ টাকা মূল্যের অন্যান্য চোরাচালান পণ্য রয়েছে। সব মিলিয়ে এসব মালামালের মূল্য ১২ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৪৪ টাকা।
লে. কর্নেল তৌহিদুল বারী বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে নেত্রকোনা ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সব ধরনের চোরাচালান রোধ, নারী-শিশু পাচার এবং সীমান্তসংক্রান্ত যেকোনো অবৈধ কার্যক্রম বন্ধে অভিযান চলমান রয়েছে।
তিনি বলেন, পুশ-ইন এবং যেকোনো ধরনের সীমান্ত চোরাচালান বন্ধে বিজিবির কার্যক্রম সব সময় অব্যাহত ছিল এবং থাকবে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত