
ডেস্ক রিপোর্ট | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৮ বার পঠিত | পড়ুন মিনিটে

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে এন্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। জ্যামাইকা কিংসমেনের দেওয়া ১৭১ রানের লক্ষ্য মাত্র ২ উইকেট হারিয়ে পেরিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে দলটি।
শুধু শিরোপাই নয়, ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও এখন এন্টিগার দখলে।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে জ্যামাইকা। ৩০ রানের মধ্যেই হারায় ২ উইকেট। এরপর সাইম আইয়ুব ও মাজ সাদাকাতের ৮০ রানের জুটি দলকে বিপদ থেকে টেনে তোলে।
সাইম ২৯ রানে ফিরলে ফের চাপে পড়ে জ্যামাইকা। একপর্যায়ে ১২৭ রানে ৭ উইকেট হারায় তারা। তবে একপ্রান্ত আগলে রেখে ঝড় তোলেন সাদাকাত।
মাত্র ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করা এই ব্যাটার শেষ পর্যন্ত ৫৮ বলে ৮ চার ও ৯ ছক্কায় করেন ১১৪ রান। ইনিংসের শেষের আগের বলে আউট হন তিনি। তাঁর বাইরে জ্যামাইকার আর কোনো ব্যাটার দুই অঙ্কে যেতে পারেননি। অতিরিক্ত থেকে আসে ১২ রান।
এন্টিগার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন পাকিস্তানি স্পিনার সুফিয়ান মুকিম। ৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় ৪ উইকেট নিয়ে জ্যামাইকার বড় সংগ্রহের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ান তিনি।
১৭১ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী এন্টিগা। রাকিম কর্নওয়াল প্রথম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ২০ রান করেন। তাঁর ইনিংসে ছিল দুটি চার ও দুটি ছক্কা।
এরপর এভিন লুইস ও এএ জাঙ্গু ৬৪ রানের জুটি গড়ে জয়ের ভিত তৈরি করেন। লুইস ৩৮ রানে ফিরলেও এন্টিগার গতি থামেনি।
জাঙ্গুর সঙ্গে জুটি বাঁধেন হাসান নওয়াজ। দুজন মিলে অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটি গড়ে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেন।
জাঙ্গু ৩৪ বলে ৫৭ এবং নওয়াজ ৩৫ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ১৭তম ওভারের চতুর্থ বলে নওয়াজ ছক্কা হাঁকিয়ে এন্টিগার ঐতিহাসিক জয় নিশ্চিত করেন।
১৭৩ রান তুলে মাত্র ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় এন্টিগা। প্রথমবারের মতো সিপিএলের শিরোপা ঘরে তোলে তারা।
ফাইনালে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে ম্যাচসেরা হয়েছেন সুফিয়ান মুকিম। আর পুরো টুর্নামেন্টে ১৩২ রান ও ১১ উইকেট নিয়ে আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তানের শাদাব খান।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত