
জেলা প্রতিনিধি | শনিবার, ২২ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৮ বার পঠিত | পড়ুন মিনিটে

নিরাপদ মাতৃত্ব, শিশুর পুষ্টি, টিকাদান, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ে সচেতনতা বাড়াতে রাজশাহীতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী ১০টি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাবিষয়ক বুট ক্যাম্প। এতে ২৫০ জন মা ও কিশোরী অংশ নেন।
শনিবার সকালে নগরের মহিষবাথান এলাকার মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি)। ১০টি বুটে ২৫ জন করে মোট ২৫০ জন অংশ নেন। তাদের মধ্যে ০ থেকে ৫৯ মাস বয়সী শিশুর ১০০ জন মা এবং ১৫০ জন কিশোরী ছিলেন।
বুট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পরে তিনি প্রতিটি বুট ঘুরে দেখেন এবং স্বাস্থ্য, পুষ্টি, পরিচ্ছন্নতা ও নিরাপদ জীবনযাপন বিষয়ে হাতে-কলমে পরিচালিত কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। এ সময় অংশগ্রহণকারী মা ও কিশোরীদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন।
জেলা প্রশাসক বলেন, কিশোর-কিশোরীদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও পুষ্টি বিষয়ে সচেতনতা জরুরি। বিশেষ করে বয়ঃসন্ধিকালে কন্যাশিশুদের নানা স্বাস্থ্যঝুঁকি থাকে। তাই ছোটবেলা থেকেই নিয়ম মেনে হাত ধোয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা ও স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে চলার বিষয়ে সঠিক ধারণা দিতে হবে। পাশাপাশি শিশুদের সময়মতো পুষ্টিকর খাবার দেওয়ার বিষয়েও মায়েদের সচেতন হতে হবে।
মায়েদের জন্য পাঁচটি বুটে নিরাপদ মাতৃত্ব, মা ও শিশুর খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, পজিটিভ ডেভিয়েন্স হার্থ, গ্রোথ মনিটরিং অ্যান্ড প্রোমোশন (জিএমপি) এবং হাত ধোয়ার প্রদর্শনী রাখা হয়। এসব কার্যক্রমে শিশুর পুষ্টি, বৃদ্ধি পর্যবেক্ষণ, স্বাস্থ্যকর পরিচর্যা ও দৈনন্দিন স্বাস্থ্যবিধি সম্পর্কে ব্যবহারিক ধারণা দেওয়া হয়।
অন্যদিকে কিশোরীদের জন্য পাঁচটি বুটে শিশু ও কিশোরীদের টিকা, কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি, পানি-স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, খাদ্য ও পুষ্টি এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে কার্যক্রম পরিচালিত হয়। এতে কৈশোরের শারীরিক পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবার, নিরাপদ পানি ব্যবহার ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এডিপির সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম। সঞ্চালনা করেন জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী।
এ সময় সহকারী কমিশনার নুরুল আবছার সবুজ, সিনিয়র প্রোগ্রাম অফিসার নীলু বেগম, প্রোগ্রাম অফিসার রিপন হালদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার অর্জুন রায়সহ ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত