
ডেস্ক রিপোর্ট | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১২ বার পঠিত | পড়ুন মিনিটে

ম্যাচের ৬৪ মিনিট পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিক স্পোর্টিং কানসাস সিটি। জয় তখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। কিন্তু পরের মাত্র ৯ মিনিটে বদলে গেল পুরো ম্যাচের চিত্র। অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৪-৩ গোলে কানসাস সিটিকে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিল ফিলাডেলফিয়া ইউনিয়ন।
ফিলাডেলফিয়ার এই জয়ে বড় অবদান রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছর বয়সী কাভান সুলিভান। একটি গোল করার পাশাপাশি সতীর্থ ব্রুনো দামিয়ানির গোলেও অ্যাসিস্ট করেছেন তিনি।
কানসাস সিটির মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিকরা। ৫ম ও ১০ম মিনিটে জোড়া গোল করেন আন্দ্রে লুইজ। এরপর ১৬ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে স্কোরলাইন ৩-০ করেন ওয়াট মেয়ার।
মাত্র ১৬ মিনিটেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় কানসাস। এরপর ৬৪ মিনিট পর্যন্ত ফিলাডেলফিয়ার জালে আর কোনো গোল না হলেও নিজেদের গোলপোস্ট অক্ষত রাখে স্বাগতিকরা।
কিন্তু ৬৪ মিনিটে ব্রুনো দামিয়ানির গোলেই শুরু হয় ফিলাডেলফিয়ার ঘুরে দাঁড়ানোর গল্প। দুই মিনিট পর ব্যবধান ৩-২ করেন কাভান সুলিভান। দামিয়ানির গোলেও অ্যাসিস্ট ছিল তার।
এরপর আরও দুই মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা ফেরায় ফিলাডেলফিয়া। ৬৮ মিনিটে মিলান ইলোস্কির গোলে স্কোরলাইন হয় ৩-৩। আর ৭৩ মিনিটে কানসাস সিটির ডিফেন্ডার জোরান বাসংয়ের আত্মঘাতী গোলে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় ফিলাডেলফিয়া।
বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলে পিছিয়ে থেকেও ৪-৩ ব্যবধানে অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনিয়ন।
ম্যাচে আবারও নিজের সামর্থ্যের জানান দিয়েছেন কাভান সুলিভান। সবশেষ ছয় ম্যাচে ছয় গোল করেছেন ১৬ বছর বয়সী এই তরুণ। যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে সেপ্টেম্বর ও অক্টোবরে প্রীতি ম্যাচের জন্য প্রথমবার ডাক পাওয়ার মাত্র এক দিন পরই এমন পারফরম্যান্স দেখালেন তিনি।
এই জয়ের ফলে টানা পাঁচ ম্যাচে জয় পেল ফিলাডেলফিয়া। শেষ ১১ লিগ ম্যাচে অপরাজিত দলটি জিতেছে ৯টিতে, ড্র করেছে ২টি। এই পাঁচ ম্যাচে তারা করেছে ১৯ গোল; এর মধ্যে শেষ তিন ম্যাচেই এসেছে ১৪ গোল।
২৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ষষ্ঠ অবস্থানে রয়েছে কাভান সুলিভানের দল।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত