
ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক বাধায় ব্যর্থ হয়েছে সেই চেষ্টা। এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বিজিবি।
বিজিবি ও স্থানীয় একাধিক সূত্র জানায়, শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকা দিয়ে এ পুশ-ইনের চেষ্টা চালানো হয়। এ সময় ২ শিশু, ২ নারী ও ৮ পুরুষসহ মোট ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ।
বিষয়টি বুঝতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবির টহল দল। তারা তাৎক্ষণিকভাবে অবস্থান নিয়ে বাধা দিলে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হয়।
স্থানীয় সূত্রের দাবি, বিজিবির বাধায় বাংলাদেশে ঢুকতে না পেরে ওই ১২ জন বর্তমানে সীমান্তের জিরো লাইন থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। নতুন করে যাতে কোনো অনুপ্রবেশের ঘটনা না ঘটে, সে জন্য সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম শাহীন বলেন, “সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের একটি চেষ্টা হয়েছিল, যা আমাদের সতর্ক টহল দলের বাধায় ব্যর্থ হয়েছে।”
তিনি আরও জানান, ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। সীমান্ত সুরক্ষিত রাখতে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত