
ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৪১ বার পঠিত | পড়ুন মিনিটে

২০২৭ সালের ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেওয়া শুরু করবে জাপান। কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নবিষয়ক নতুন চুক্তিতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ার পাশাপাশি কর্মীদের সুরক্ষা ও উচ্চ বেতনে কাজের সুযোগ তৈরির আশা করা হচ্ছে।
বাংলাদেশি কর্মীদের জন্য জাপানের শ্রমবাজারে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নবিষয়ক নতুন চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান। চুক্তি অনুযায়ী, আগামী বছরের ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেওয়া শুরু করবে দেশটি।
সোমবার (১৯ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, প্রায় এক বছরের প্রচেষ্টার পর গত ১৭ অক্টোবর দুই দেশের মধ্যে চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়। চুক্তিটির নাম ইএসডিপি-এমওসি (মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট)।
চুক্তিতে যাঁরা স্বাক্ষর করেছেন
চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব। জাপানের পক্ষে স্বাক্ষর করেন দেশটির বিচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা।
চুক্তির মেয়াদ ১০ বছর
চুক্তিটির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর। এ মেয়াদ শেষ হলে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য নবায়ন হবে। ফলে সব মিলিয়ে চুক্তিটির কার্যকর মেয়াদ দাঁড়াবে ১০ বছর।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মতে, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এ চুক্তি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে জাপানে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি কর্মীদের সুযোগ-সুবিধা ও সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রেও চুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কর্মীদের সুরক্ষা ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি কর্মী পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, জাপানে কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হবে। এর ফলে কর্মীরা উচ্চ বেতন এবং দেশটিতে দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ পাবেন।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত